দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেমে ব্যর্থ হয়ে ব্যতিক্রমীভাবে দুধ দিয়ে গোসল করে ওই সম্পর্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক যুবক।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বিলের ঘাট এলাকায় দুধ দিয়ে গোসল করেন শালুকডুবি গ্রামের তারিকুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল শুরু করেন তারিকুল। বিষয়টি দেখতে সেখানে স্থানীয়দের ভিড় জমে। একপর্যায়ে তিনি জানান, দুধ দিয়ে গোসলের মাধ্যমে প্রেম-ভালোবাসার সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করতে চান।
তারিকুল ইসলাম বলেন, একসময় তিনি একজনকে ভালোবেসেছিলেন। ওই সম্পর্ককে ঘিরে জীবনে নানা হতাশা ও কষ্ট তৈরি হয়। একপর্যায়ে তিনি সম্পর্কটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, আমি এক বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।
তারিকুল আরও বলেন, জীবনের ভালো-মন্দ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। অতীতের সম্পর্ক ও কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তারিকুলের ব্যতিক্রমী এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টি ভিন্নভাবে দেখলেও তাঁর ভাষ্য অনুযায়ী, দুধ দিয়ে গোসল ছিল অতীতের প্রেমের সম্পর্ককে বিদায় জানানোর প্রতীকী আয়োজন।
স্থানীয়রা জানান, প্রেমে ব্যর্থ হয়ে অনেকে হতাশায় ভেঙে পড়েন। তবে তারিকুলের এই উদ্যোগ ছিল ব্যতিক্রমী। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্ত ও অনুভূতির কথা প্রকাশ্যে জানিয়েছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই একে ব্যতিক্রমী বিচ্ছেদ হিসেবে দেখছেন। তবে তারিকুলের প্রত্যাশা, অতীতের কষ্ট ভুলে তিনি সামনে এগিয়ে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
এমএস/